যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত নিরাপত্তাকর্মীসহ ৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত নিরাপত্তাকর্মীসহ ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১০:৪৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে দুই কিশোর। এ ঘটনায় হামলাকারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে ঘটে যাওয়া এ হামলায় ইসলামিক সেন্টারের এক নিরাপত্তাকর্মীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে কাছাকাছি একটি গাড়ি থেকে হামলাকারী দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।

মেক্সিকো সীমান্তঘেঁষা স্যান ডিয়েগো শহরের ওই ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি স্কুল। হামলার শিকার মসজিদটি স্কুলের অংশ এবং এটি শহরের অন্যতম বড় মসজিদ।

হামলার সময় স্কুলে ক্লাস ও নিয়মিত কার্যক্রম চলছিল। তবে স্কুলের কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল জানিয়েছেন, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মুসলিমবিদ্বেষ বা ঘৃণাজনিত মনোভাব থেকেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার তদন্তে ইতোমধ্যে সহযোগিতা চাওয়া হয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর।

নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। হামলাকারীদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার কয়েক দিন পরই মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এমন সময়ে মসজিদে হামলার ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক ও শোক নেমে এসেছে।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “আমরা আগে কখনও এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ভয়াবহ।”