রাশিয়া-চীন সম্পর্ক এখন বিশ্ব স্থিতিশীলতার শক্তি: পুতিন

রাশিয়া-চীন সম্পর্ক এখন বিশ্ব স্থিতিশীলতার শক্তি: পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৪:৫৭

রাশিয়া-চীন সম্পর্ক বর্তমানে “অভূতপূর্ব পর্যায়ে” পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা এখন বিশ্বে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের চীন সফরের আগে দেওয়া এক বক্তব্যে পুতিন এসব কথা বলেন। এই সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন।

পুতিন বলেন, রাশিয়া ও চীন কোনো দেশের বিরুদ্ধে জোট গঠন করতে চায় না; বরং শান্তি ও বৈশ্বিক সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং বহুপাক্ষিক সহযোগিতা কাঠামোর প্রতি উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ।

রুশ প্রেসিডেন্ট জানান, দুই দেশ জাতিসংঘ, ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর মতো প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যা বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, মস্কো-বেইজিং সম্পর্ক এখন সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও উন্নয়নসহ মৌলিক ইস্যুতে পারস্পরিক সমর্থনের পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন বৈশ্বিক ভূরাজনীতিতে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের প্রভাবের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।