রাশিয়ার সশস্ত্র বাহিনী দেশজুড়ে তিন দিনের পারমাণবিক অস্ত্র মহড়া শুরু করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) শুরু হওয়া এ মহড়া চলবে ২১ মে পর্যন্ত।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর চীন সফরের প্রাক্কালে এই মহড়া শুরু হলো। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া তার পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্ভাব্য আগ্রাসনের পরিস্থিতিতে পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও ব্যবহার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল লক্ষ্য।
মহড়ায় ৬৫ হাজারের বেশি সেনা, ৭ হাজার ৮০০টিরও বেশি সামরিক সরঞ্জাম এবং ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অংশ নিচ্ছে। পাশাপাশি বিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিনও এতে যুক্ত রয়েছে।
এছাড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও মহড়ার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি (নিউ স্টার্ট) কার্যত স্থগিত হওয়ার পর রাশিয়ার এ ধরনের মহড়া আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
রাশিয়া জানিয়েছে, তারা পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে দায়িত্বশীল অবস্থান বজায় রাখতে চায়, তবে একই সঙ্গে এই সক্ষমতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।
আরো পড়ুন: