৩ দিনে ১৭৫ আইএস সদস্য নিহতের দাবি নাইজেরিয়ার

৩ দিনে ১৭৫ আইএস সদস্য নিহতের দাবি নাইজেরিয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১০:২০

নাইজেরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনী। গত তিন দিনের বিমান ও স্থল অভিযানে অন্তত ১৭৫ জন আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার এক বিবৃতিতে নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানান, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত অভিযানে আইএসের একাধিক ঘাঁটি, চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, “মার্কিন-নাইজেরীয় যৌথ বাহিনীর অভিযানে ১৭৫ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।”

নিহতদের মধ্যে আইএসের বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু বিলাল আল-মিনুকিও রয়েছেন। এছাড়া আইএসের পশ্চিম আফ্রিকা শাখা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আবু আল মুথান্না আল মুহাজিরও নিহত হয়েছেন বলে জানিয়েছে নাইজেরীয় সেনাবাহিনী।

মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা খাওয়ার পর ২০১৮-১৯ সালের দিকে আফ্রিকায় শক্ত ঘাঁটি গড়ে তোলে আইএস। বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশে আইএসডব্লিউএপি নামে সক্রিয় রয়েছে সংগঠনটি। সংঘাত বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার তথ্যমতে, ২০২৬ সালের প্রথম তিন মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার ৮৬ শতাংশই সংঘটিত হয়েছে আফ্রিকায়।

নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই আইএস, আল-কায়দা ও বোকো হারাম সংশ্লিষ্ট জঙ্গিদের তৎপরতায় ভুগছে। এসব গোষ্ঠী হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, লুটপাট ও সশস্ত্র হামলার মতো নানা অপরাধে জড়িত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার অনুরোধে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা দেশটিতে পাঠায় যুক্তরাষ্ট্র। তারা নাইজেরীয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বড় ধরনের অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন।