বেইজিং সফরে গেলেন পুতিন

বেইজিং সফরে গেলেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১০:২৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত চীন সফরের মাত্র চার দিনের মাথায় বেইজিং সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটে পুতিনকে বহনকারী উড়োজাহাজ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে যেভাবে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছিল, পুতিনকেও প্রায় একইভাবে অভ্যর্থনা জানিয়েছে বেইজিং।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করা।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই বেইজিং ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে চীন এখন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, বর্তমান বিশ্বে চীন-রাশিয়ার সম্পর্ক সবচেয়ে “সহনশীল ও বন্ধুত্বপূর্ণ” সম্পর্কের উদাহরণ।

বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনের জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় পুতিন বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন “অভাবনীয় উচ্চতায়” পৌঁছেছে এবং দুই দেশের বাণিজ্যিক সহযোগিতাও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু জ্বালানি তেল ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি। চীন বর্তমানে রুশ অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতাদের একটি। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, চীন যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানিতে আগ্রহ দেখিয়েছে।

আন্তর্জাতিক থিঙ্কট্যাংক এশিয়া সোসাইটির কর্মকর্তা লায়েল মরিস বলেন, পুতিন চীনের সঙ্গে জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করতে চান। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বেইজিংয়ের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কেও জানতে আগ্রহী রাশিয়া।