দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণার কয়েক দিনের মধ্যেই ফের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবিসির বরাতে জানা যায়, দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো হামলায় একসঙ্গে ১০ জন নিহত হন। এদের মধ্যে তিন শিশু ও তিন নারী ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
অন্যদিকে নাবাতিয়েহ ও টাইর অঞ্চলেও পৃথক হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে এবং একটি ট্যাংক ধ্বংস করেছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
অন্যদিকে ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে, তবে এসব হামলায় প্রায়ই বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ৪৫ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণে সম্মতি জানানো হলেও দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
আরো পড়ুন: