চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে টানা ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বহু এলাকায় স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জিয়াংশি, আনহুই, হুনান, হুবেই, গুইঝৌ, গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিধস, হড়কা বান, শহুরে বন্যা ও জলাবদ্ধতার উচ্চ ঝুঁকি রয়েছে।
দুর্যোগ মোকাবিলায় সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য ১৫০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২ কোটি ২০ লাখ ডলার) জরুরি ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, হুবেই প্রদেশের জিংঝো শহরের অনেক বাসিন্দা হাঁটুসমান পানিতে আটকা পড়েছেন। শহরের রাস্তায় বহু যানবাহন প্রায় সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংশিতে ভারি বৃষ্টির সময় ১৫ জন কৃষিশ্রমিক বহনকারী একটি পিকআপ ট্রাক বন্যার পানিতে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয়। গুইঝৌতে পৃথক ঘটনায় চারজন, হুনানে আরও চারজন এবং হুবেইয়ের একটি নিম্নাঞ্চলীয় গ্রামে তিনজনের মৃত্যু হয়েছে।
এছাড়া বিভিন্ন এলাকায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: