কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিশ দিয়েছে।
গত সোমবার কলকাতা পুরসভা দুটি পৃথক নোটিশ জারি করে। একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে এবং অন্যটি তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮(এ) নম্বরের ‘শান্তিনিকেতন’ বাড়ি এবং কালীঘাট রোডের ১২১ নম্বরের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অতিরিক্ত নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুরসভা জানিয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে হবে। নির্দেশ মানা না হলে মিউনিসিপাল কমিশনার নিজ উদ্যোগে ওই অংশ ভাঙার ব্যবস্থা নেবেন এবং এর ব্যয় মালিককেই বহন করতে হবে।
এছাড়া সাত দিনের মধ্যে সম্পত্তিগুলোর পূর্ণ কাঠামোগত তথ্য এবং ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনের সাংসদ। তিনি ২০১১ সালে রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরো পড়ুন: