দিল্লি থেকেও বিজেপিকে হটানো হবে: মমতা

দিল্লি থেকেও বিজেপিকে হটানো হবে: মমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৫:২৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পরও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভবিষ্যতে দিল্লি থেকেও বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার কালীঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা এই মন্তব্য করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

বৈঠকে মমতা বলেন, “আগামী দিনে দিল্লি থেকে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।” একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখার বার্তাও দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে কড়া ভাষায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সমালোচনা করেন। তিনি বলেন, “যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। অন্যদিকে তৃণমূল পেয়েছে ৮০টি আসন।

নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।