পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ২৭ কিলোমিটার জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার (২০ মে) নবান্নে বিশেষ বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান পশ্চিমবঙ্গের একাধিক প্রশাসনিক কর্মকর্তা।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবশিষ্ট এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়।
রাজ্যের এক কর্মকর্তা জানান, দুই সপ্তাহের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফকে নির্ধারিত অংশে বেড়া নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভারত–বাংলাদেশ সীমান্ত সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার কিলোমিটার, যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গেছে। রাজ্যে ইতোমধ্যে বড় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হলেও এখনো কিছু অংশে কাজ বাকি রয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, সীমান্তের প্রায় ৬০০ কিলোমিটার অংশে এখনো পূর্ণাঙ্গ কাঁটাতার নির্মাণ করা যায়নি। এর মধ্যে উল্লেখযোগ্য অংশে জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ আটকে ছিল।
অভিযোগের প্রসঙ্গে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পূর্ববর্তী প্রশাসনের সময় জমি হস্তান্তরের গতি ধীর ছিল, যার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরো পড়ুন: