যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে অস্থায়ী ভিসাধারীদের গ্রিনকার্ডের আবেদন করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাধ্যতামূলক নয়। তারা নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা US Citizenship and Immigration Services (ইউএসসিআইএস)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আবেদন করতে হবে।
বিবৃতিতে বলা হয়, অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ নীতিমালা কার্যকর করা হয়েছে। প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে ইউএসসিআইএস।
প্রতি বছর শিক্ষার্থী, পর্যটক, কর্মীসহ বিভিন্ন ক্যাটাগরির অস্থায়ী ভিসাধারী লাখো মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এতদিন তাদের অনেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতেন। নতুন নিয়মে সেই বাধ্যবাধকতায় পরিবর্তন এসেছে।
ইউএসসিআইএস নতুন এই প্রক্রিয়ার নাম দিয়েছে ‘এক্সট্রা-অর্ডিনারি ফর্ম অব রিলিফ’ বা ‘অসাধারণ প্রতিকার ব্যবস্থা’। এর আওতায় আবেদনকারীরা নিজ দেশে ফিরে অস্থায়ী ভিসার নথিপত্র দেখিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর Donald Trump প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেয়। গত দেড় বছরে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়েছে। পাশাপাশি কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ এবং ভিসা অনুমোদনের হারও কমানো হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থানকারীদের সংখ্যা কমাতেই নতুন এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
আরো পড়ুন: