পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১১:০৩

পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ট্রাম্পের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থি পোলিশ প্রেসিডেন্ট কারোল নওরকি নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পোল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করতেই অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ট্রাম্পের এই ঘোষণায় ওয়াশিংটন ও ওয়ারশ—উভয় দেশের কর্মকর্তারাই বিস্মিত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে আগাম কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের ঘোষণার বিষয়ে প্রতিরক্ষা দপ্তর আগে থেকে অবগত ছিল না। এ সংক্রান্ত প্রশ্নও হোয়াইট হাউসের কাছে পাঠানো হচ্ছে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, ওয়াশিংটন, ওয়ারশ কিংবা ন্যাটো সদস্য দেশগুলোর কেউই এমন সিদ্ধান্তের পূর্বাভাস পায়নি।

ঘোষণার মাত্র দুই দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছিলেন, পূর্ব ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা বিলম্বিত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল।

এদিকে এক্সে দেওয়া পোস্টে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নওরকি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, পোল্যান্ড-যুক্তরাষ্ট্র জোট ইউরোপের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ওলাদিস্লাভ কোসিনিয়াকও ট্রাম্পের সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার সুইডেনে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে মার্ক রুটে বলেন, ন্যাটোর সামরিক কমান্ডাররা বিষয়টির বিস্তারিত নিয়ে কাজ করছেন।

অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তাদের সরকার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে।