ঈদের আগে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে গত কয়েক দফায় সোনার দামে ওঠানামা দেখা গেছে। ১৫ মে ভরিতে ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল। এরপর ১৬ মে আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমে। আবার ২০ মে আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। পরবর্তী সময়ে ২১ মে একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে আবারও একই পরিমাণ কমানো হলো।
নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমে দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে নতুন দাম হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এদিকে সোনার দাম কমানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
আরো পড়ুন: