তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প

তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৫:৫৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এ পরিস্থিতিতে মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার (২২ মে) নতুন হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সরকারি দায়িত্বের কারণে তিনি ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। সাপ্তাহিক ছুটিতে নিউ জার্সিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক পরিস্থিতির কারণে কিছু মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাকে মেমোরিয়াল ডে উইকেন্ডের ছুটি বাতিল করতে হয়েছে।

অন্যদিকে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প শুক্রবার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরান ইস্যুতে বৈঠক করেছেন। আলোচনায় অগ্রগতি না হলে নতুন হামলার সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্প ক্রমেই হতাশ হয়ে উঠেছেন এবং কূটনৈতিক অবস্থান থেকে সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, “ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তার পরিণতি সম্পর্কে প্রেসিডেন্ট আগেই স্পষ্ট বার্তা দিয়েছেন।”

এদিকে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শনিবার তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন।

ইরানও স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে মার্কিন দাবি তারা মেনে নেবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ ধরনের শর্ত আলোচনাকে আরও জটিল করে তুলছে।

অন্যদিকে হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, প্রণালি নিয়ে সংকট তৈরি হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে।