তাইওয়ানের ১,৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রয় স্থগিত করল যুক্তরাষ্ট্র

তাইওয়ানের ১,৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রয় স্থগিত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৭:৪৪

মিত্র স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে প্রতিশ্রুত প্রায় ১,৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রয় স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও বিষয়টি সিনেটের শুনানিতে নিশ্চিত করেন।

শুনানিতে তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজস্ব অস্ত্র মজুত নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, “যে কোনো সময় ইরানের সঙ্গে সংঘাত আবার শুরু হতে পারে। তাই মার্কিন বাহিনীর অস্ত্র ঘাটতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে তাইওয়ানের চালান স্থগিত করা হয়েছে।”

হাং কাও আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি নিশ্চিত করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র বিক্রয় আবার শুরু করা হবে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের দপ্তর জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করলেও তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সামরিক সহযোগিতা বজায় রেখে আসছে এবং অস্ত্র বিক্রয়ও করে থাকে।

স্থগিত হওয়া এই প্যাকেজে প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র, সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং রকেট লঞ্চারসহ বিভিন্ন আধুনিক যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল।