ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রী বেন গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স

ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রী বেন গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১২:৪০

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স সরকার। সম্প্রতি গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্দোলনকারীদের নিয়ে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো শনিবার (২৩ মে) এক্সে দেওয়া এক বার্তায় বলেন, বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো। ফ্লোটিলা ইস্যুতে তার আচরণকে তিনি “নিন্দনীয়” বলে উল্লেখ করেন।

বিতর্কিত ওই ভিডিওতে দেখা যায়, আশদোদ বন্দরে ফ্লোটিলার কিছু আন্দোলনকারীকে চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায় এবং বেন-গভিরকে সেখানে উল্লাস করতে দেখা যায়।

ইসরায়েলি নৌবাহিনী চলতি সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করে এবং শতাধিক কর্মীকে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে কিছু কর্মীকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ একাধিক দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে এবং ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানায়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফরাসি নাগরিকদের প্রতি এ ধরনের আচরণ ও হুমকি গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, অনেক ইসরায়েলি রাজনৈতিক নেতাও এই ঘটনার সমালোচনা করেছেন।