যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন এবং দুজন আহত হন। উদ্ধারকাজে নিয়োজিত দল চারটি মরদেহ উদ্ধার করলেও ধ্বংসস্তূপের নিচে আরও একজন নারীর মরদেহ আটকে আছে। ধারাবাহিক হামলার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবনে পৃথক হামলায় অন্তত নয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরের হামলায় একটি বাড়িতে একজন নিহত ও একজন আহত হন। আল-শাহাবিয়া শহরেও একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
টায়ার জেলার আল-হুশ শহরে ড্রোন হামলায় একজন নিহত হন এবং দেইর কানুন এন-নাহর শহরে রাতভর হামলায় চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে কাফার শহরে একটি সিভিল ডিফেন্স দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে উদ্ধারকাজে থাকা কর্মীরাও আহত হন।
আরো পড়ুন: