পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি শাটল ট্রেনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে চামান ফটকের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
হাসপাতালে ৩০ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য রেসকিউ ট্রাক ও একটি ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এআরওয়াই নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (BLA) এই হামলার দায় স্বীকার করেছে এবং এটিকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।
তবে কর্তৃপক্ষ এখনো হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেনি। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন: