যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, খুলতে পারে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, খুলতে পারে হরমুজ প্রণালি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৫:১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু, ইরানের তেল রপ্তানিতে শিথিলতা এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের (MoU) আওতায় হরমুজ প্রণালিতে নির্দিষ্ট সময়ের জন্য কোনো টোল থাকবে না। একই সঙ্গে ইরান প্রণালিতে বসানো কিছু মাইন অপসারণে সহায়তা করবে।

বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ শিথিল করবে এবং কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে, যাতে তেহরান সহজে তেল রপ্তানি করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করতে রাজি হবে। পাশাপাশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

এছাড়া সমঝোতা স্মারকে ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত নিয়ন্ত্রণের বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে। তবে নতুন হামলা হলে পাল্টা জবাব দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, চুক্তি বাস্তবায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি আসতে পারে। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।