সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাঁচ বছর বয়সী মেয়েকে বহুতল ভবন থেকে নিচে ফেলে দিয়ে নিজেও আত্মহত্যা করেছেন এক ভারতীয় নারী। মর্মান্তিক এই ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার আল-নাদহা এলাকার একটি আবাসিক ভবনের নিচ থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই নারী প্রথমে নিজের মেয়েকে ভবনের ওপর থেকে নিচে ফেলে দেন। পরে তিনি নিজেও লাফ দেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নারীকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনিও মারা যান।
ভবনটির নিরাপত্তারক্ষীরা জানান, বিকট শব্দ শুনে বাইরে গিয়ে তারা ফুটপাথ ও সড়কে মা-মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। ঘটনার পর কয়েক ঘণ্টা পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার আগের দিন ওই নারীর সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ হয়। এ সময় পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল। স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার তদন্ত শুরু করেছে দুবাই পুলিশ।
আরো পড়ুন: