২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী জার্মান নাগরিকত্ব পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ'।
প্রতিবেদনে বলা হয়, গত বছর কমপক্ষে ৩ লাখ ৯ হাজার ৮৫২ জন জার্মান পাসপোর্ট পেয়েছেন। এটি জার্মানির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ নাগরিকত্ব প্রদান হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগের বছর ২০২৪ সালে নাগরিকত্ব পেয়েছিলেন ২ লাখ ৯১ হাজার ৯৫৫ জন অভিবাসী।
২০২৪ সালের মাঝামাঝি জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনে। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেওয়া হয় এবং স্থায়ী বসবাসের ন্যূনতম সময় ৮ বছর থেকে কমিয়ে ৫ বছরে নামিয়ে আনা হয়। এর ফলে নাগরিকত্ব আবেদন ও অনুমোদনের হার দ্রুত বৃদ্ধি পায়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে নাগরিকত্ব প্রাপ্তির হার আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছিল। ২০২৫ সালে এই বৃদ্ধির হার কিছুটা কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে।
২০২৪ সালে নতুন নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের মধ্যে ২৮ শতাংশ ছিলেন সিরিয়ার নাগরিক। এরপর সবচেয়ে বেশি ছিলেন তুরস্কের নাগরিকরা। তবে এই পরিসংখ্যান জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৪টির তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আগামী বছরগুলোতে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্ব আবেদনের হার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর যারা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ২০২৭ সালের মধ্যে ইউক্রেনীয় শরণার্থীদের বড় একটি অংশ নাগরিকত্বের আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন: