৪৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে তেলেঙ্গানা, মৃত্যু ১৬

৪৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে তেলেঙ্গানা, মৃত্যু ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৫:৪৩

আপডেট: ২৫ মে, ২০২৬ ১৫:৪৪

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত কয়েক দিনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।

রোববার (২৪ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রশাসন।

পৃথক এক বিবৃতিতে তেলেঙ্গানা প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস) জানায়, রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৬টি বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে।

মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায় চারজন, ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর ও নিজামাবাদে তিনজন করে এবং সূর্যপেট, জগুলাম্বা গঢ়ওয়াল ও রঙ্গারেড্ডি জেলায় একজন করে মারা গেছেন।

প্রত্যেক নিহতের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে, যেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

ভারতের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়েও তীব্র গরম ও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে।