ইরানের কেশম ও গোরুক দ্বীপে মার্কিন হামলা, ধ্বংস সামরিক স্থাপনা

ইরানের কেশম ও গোরুক দ্বীপে মার্কিন হামলা, ধ্বংস সামরিক স্থাপনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১২:২৯

পারস্য উপসাগরে অবস্থিত ইরানের কেশম ও গোরুক দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকোম জানায়, দুই দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর স্থাপন করা রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে।

সেন্টকোমের দাবি, রোববার যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর জবাব হিসেবে কেশম ও গোরুক দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।

এ হামলা এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা আবারও গতি পেয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এর জবাবে ইরানের বন্দর আব্বাস এলাকার একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পরবর্তীতে এর পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে।