হানওয়া অ্যারোস্পেস কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

হানওয়া অ্যারোস্পেস কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৩:৩২

আপডেট: ১ জুন, ২০২৬ ১৭:২৫

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংস্থা হানওয়া অ্যারোস্পেসের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় দমকল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১ জুন) রাজধানী সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে দেজিয়নে অবস্থিত কারখানাটিতে স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেজিয়ন ফায়ার হেডকোয়ার্টার্সের এক প্রতিনিধি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানান, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাতে জানা যায়, বিস্ফোরণটি কারখানার ভেতরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

হানওয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা অস্ত্র, আর্টিলারি সিস্টেম এবং মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত যন্ত্রাংশ তৈরি করে। দেজিয়নের এই কেন্দ্রটি উন্নত অস্ত্র প্রযুক্তি ও গবেষণা-উন্নয়ন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

সংস্থাটির এক প্রতিনিধি জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।