মার্কিন হামলার এক ঘণ্টার মধ্যে পাল্টা আক্রমণের দাবি ইরানের

মার্কিন হামলার এক ঘণ্টার মধ্যে পাল্টা আক্রমণের দাবি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৪:২০

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের অন্তর্গত সিরিক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার এক ঘণ্টার মধ্যে পাল্টা আক্রমণের মাধ্যমে তার জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সোমবার (১ জুন) এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানায় আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপের যোগাযোগ টাওয়ারে মার্কিন বাহিনীর হামলার এক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত করা হয়। যে মার্কিন ঘাঁটি থেকে সিরিক দ্বীপে হামলা চালানো হয়েছিল, সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে কোন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি আইআরজিসি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে ৮টি প্রধান ও স্থায়ী ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, সোমবার ভোরে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

এখন পর্যন্ত ইরান বা কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরাকভিত্তিক কোনো শিয়া সশস্ত্র গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে।

এর আগে পারস্য উপসাগরে ইরানের গোরুক ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। তার প্রতিক্রিয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে দুই পক্ষ।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।