হামলা বন্ধে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

হামলা বন্ধে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১১:৪৩

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েল পারস্পরিক হামলা বন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছে লেবানন ও যুক্তরাষ্ট্র। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার আওতায় বৈরুতের ওপর ইসরায়েলি হামলা বন্ধ এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলা স্থগিত রাখার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হামলা বন্ধের মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহ সম্মতি দিয়েছে। একইসঙ্গে এই সমঝোতার আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলাও বন্ধ থাকবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি নিশ্চিত করলেও সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে বৈরুতের ওপর হামলাও অব্যাহত থাকবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহু ও হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে।

তবে যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি থামেনি। হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ককে লক্ষ্য করে ড্রোন ও কামানের গোলা ব্যবহার করে তিনটি হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা হয়েছে। একইসঙ্গে ডেবিন শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ইরান সতর্ক করেছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য হুমকি তৈরি করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধবিরতি কোনো একটি অঞ্চলের জন্য নয়; লঙ্ঘন হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।

তবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই সংঘাত কমাতে ইতিবাচক অবস্থান নিয়েছে।