লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার সাম্প্রতিক ফোনালাপ ছিল অত্যন্ত উত্তপ্ত এবং সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর ভাষায় তিরস্কার করেছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এক্সিওস জানায়, সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই আলোচনায় লেবাননে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, ইরান লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দেওয়ার পরই নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং বৈরুতে সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে লেবাননে নতুন করে বড় হামলা চালানো হলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।
একাধিক সূত্রের বরাতে এক্সিওস আরও জানিয়েছে, ট্রাম্প কথোপকথনের সময় নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে, যুক্তরাষ্ট্রের সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটনের সহায়তা না থাকলে নেতানিয়াহুর রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হতে পারত।
এদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর নতুন হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতের ওপর হামলা থেকে বিরত থাকবে।
তবে পরে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকবে। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় নেতানিয়াহু তুলনামূলক সংযত অবস্থানে ছিলেন।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় ইসরায়েলে বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে অতীতেও তার প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।
আরো পড়ুন: