ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১০:২২

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি ‘গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন’ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।

সেন্টকোমের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ইরানের বাহিনী কুয়েতে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এসব হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনী জানায়, কুয়েতে ইরানের দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বাহরাইনে তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এছাড়া পারস্য উপসাগরে কয়েকটি বেসামরিক জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোনও ধ্বংস করার দাবি করেছে সেন্টকোম।

ইরানের কেশম দ্বীপ অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটিতে দেশটির তেল ও গ্যাসের বড় কয়েকটি স্থাপনা রয়েছে। এখানকার বন্দর দিয়ে ইরানের জ্বালানি পণ্যবাহী জাহাজ চলাচল করে।

এদিকে কুয়েত ও বাহরাইনে হামলার বিষয়টি স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়ার পরই এসব হামলার সিদ্ধান্ত নেয় আইআরজিসি।