ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন জিলহজ মাসের শেষ এবং মহররম মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
তিনি জানান, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের জন্য তিন দিনের শোক মিছিলের আয়োজন করা হচ্ছে। এরপর জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা তেহরানে অন্তত ২৪ ঘণ্টা চলবে।
তাভাকোলিজাদেহ বলেন, এ আয়োজন ঘিরে তেহরানে ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সুপারিশ অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে।
তিনি আরও জানান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে কর্মকর্তা ও শোকাহত মানুষেরা মাশহাদে উপস্থিত হতে পারেন।
এর আগে ইরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ জানিয়েছিলেন, খামেনির জানাজা ইসলামি বিশ্ব ও ইরানের ইতিহাসে স্মরণীয় একটি আয়োজন হয়ে থাকবে।
আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় ৩৬ বছর তিনি এই পদে ছিলেন।
আরো পড়ুন: