ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে চালানো এসব হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৬৫৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৫৪টি ড্রোন ও ৩৩টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে। সেখানে ১৬ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত ৪২ জন আহত হয়েছেন।
রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান, সেখানে সাতজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বিমান হামলার সাইরেন বাজানোর পর নিরাপদ আশ্রয়ের জন্য মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নেন। এএফপির সাংবাদিকরা রাতভর কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
কিয়েভ কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার ধারাবাহিক হামলা চলমান যুদ্ধকে আরও তীব্র করছে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে।
আরো পড়ুন: