ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে ‘মিকাসা ইন’ নামের হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক রেসপন্স টিমসহ একাধিক ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এখনো চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচতলা ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে কয়েকজন ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল এবং সেখানে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। অনেক অতিথি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চলছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরো পড়ুন: