ভারতের উত্তরপ্রদেশের বেনারসে কাশী রেলওয়ে স্টেশনকে আধুনিক মাল্টি-মডেল পরিবহন কেন্দ্রে রূপান্তরের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাতে কড়া নিরাপত্তার মধ্যে আজগাইব শহিদ মসজিদটি অপসারণ করা হয়। কর্মকর্তাদের দাবি, মসজিদটি রেলওয়ের জমির ওপর অবস্থিত ছিল এবং স্টেশন সম্প্রসারণ প্রকল্পের জন্য জায়গাটি প্রয়োজন ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, কাশী রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণ প্রকল্পের পরবর্তী ধাপের জন্য জমি খালি করার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।
প্রকল্পের আওতায় কাশী রেলওয়ে স্টেশনকে বিমানবন্দরের আদলে একটি আধুনিক পরিবহন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এতে রেল, সড়ক, মেট্রো ও জলপথ যোগাযোগ ব্যবস্থাকে এক জায়গায় যুক্ত করা হবে।
প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩০ কোটি থেকে ৪০০ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এটি বাস্তবায়িত হলে বেনারসে যাত্রী চলাচল সহজ হবে এবং যানজট কমবে।
অভিযান ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন ছিলেন।
উচ্ছেদ কার্যক্রমে পাঁচটি জেসিবি মেশিন ও দুটি পোকল্যান্ড এক্সকাভেটর ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানান। ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মাল্টি-মডেল হাব চালু হলে কাশী শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
আরো পড়ুন: