হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১০:৩৩

লেবানন ও ইসরায়েল একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট)। তবে চুক্তিটি কার্যকর হওয়ার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো, ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এলাকা থেকে হিজবুল্লাহর সদস্য ও সামরিক কার্যক্রম সরিয়ে নিতে হবে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, লেবানন ও ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেবে দুই দেশের সরকারই। কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় গোষ্ঠীর মাধ্যমে লেবাননের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের চেষ্টা প্রত্যাখ্যান করা হবে।

এর আগে গত এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হওয়ার পর এবং এর জবাবে হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় সেই চুক্তি ঝুঁকির মুখে পড়ে।

নতুন সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় লেবাননে কিছু পরীক্ষামূলক এলাকা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না এবং নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে।

আগামী ২২ জুন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে দুই দেশ আবারও আলোচনায় বসবে। তবে নতুন ঘোষণার বিষয়ে এখনো হিজবুল্লাহ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে হিজবুল্লাহর প্রভাবমুক্ত একটি নিরাপদ ও স্বাধীন লেবানন গঠনের পথ তৈরি হতে পারে।