ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে দেশটির কংগ্রেস। প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে।
বুধবার (৩ জুন) অনুষ্ঠিত ভোটে বিলটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চারজন আইনপ্রণেতাও সমর্থন দেন। এর মাধ্যমে রিপাবলিকান শিবিরে ইরান ইস্যুতে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।
বিলটির লক্ষ্য হলো, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যেন ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালাতে না পারেন। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
রিপাবলিকান প্রতিনিধি টম ব্যারেট বলেন, যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের এবং সেই সাংবিধানিক অধিকার রক্ষা করা প্রয়োজন।
তবে প্রতিনিধি পরিষদে পাস হলেও বিলটি কার্যকর হতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন প্রয়োজন। এরপরও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন। সেই ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে।
এর আগে মে মাসে সিনেটেও একই ধরনের একটি প্রস্তাব সামনে এলেও তা এখনো চূড়ান্ত ভোটে যায়নি।
ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিকস এই ভোটকে ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে দ্বিপক্ষীয় বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তার অভিযোগ, ইরান অভিযান কূটনৈতিক সমাধানকে কঠিন করেছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়িয়েছে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে। তবে একই সময়ে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিতে পারে।
আরো পড়ুন: