‘এপিক ফিউরি শেষ’, ইরানে আর হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

‘এপিক ফিউরি শেষ’, ইরানে আর হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১০:৫৯

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, বর্তমানে ইরানের ভেতরে আর কোনো হামলা চালাচ্ছে না মার্কিন বাহিনী।

বুধবার (৩ জুন) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে রুবিও এ দাবি করেন।

তিনি বলেন, “আমরা ইরানের অভ্যন্তরে কোনো হামলা পরিচালনা করছি না এবং দেশটির সামরিক শক্তিকে লক্ষ্য করে কোনো নতুন অভিযানও চালাচ্ছি না, কারণ অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে বলে জানানো হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান।

দুই দেশের মধ্যে ৪০ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত উভয় পক্ষ একাধিকবার হামলা চালিয়েছে।

গত ৩ জুন ইরান কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা। তার দাবি, এসব লক্ষ্য অর্জিত হয়েছে।

তবে কংগ্রেস সদস্য সারা জ্যাকব প্রশ্ন তোলেন, অভিযান শেষ বললেও হরমুজ প্রণালির পরিস্থিতি ও মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, রুবিওর বক্তব্যের পরও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা পুরোপুরি কাটেনি।