পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম।
বুধবার (৩ জুন) তিনি মেয়র পদ থেকে সরে দাঁড়ান। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের বড় ধাক্কার পর তৃণমূলে বিদ্রোহ ও বিভাজনের আলোচনা চলার মধ্যেই তার এই পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা পুরসভার কয়েকজন কাউন্সিলরের পদত্যাগ ও দলীয় অস্থিরতার মধ্যেই ফিরহাদ হাকিমের পদত্যাগের ঘটনা ঘটেছে।
৬৭ বছর বয়সী ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন।
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, এর আগে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও তাকে দায়িত্বে থাকার অনুরোধ করা হয়েছিল। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগের অনুরোধে সম্মতি দিয়েছেন।
এদিকে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। দলের একটি অংশ নিজেদের প্রকৃত তৃণমূল প্রতিনিধি দাবি করে ৫৮ জন বিধায়কের সমর্থন নিয়ে পৃথক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
বিদ্রোহী বিধায়কদের একটি দল বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করে রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা করার দাবি জানায়। যদিও এর আগে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর তৃণমূলের এই অভ্যন্তরীণ সংকট দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরো পড়ুন: