কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত চার বাংলাদেশি

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত চার বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১২:৫৪

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।

বুধবার (৩ জুন) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূতাবাস জানায়, হামলায় আরও কয়েকজন বিভিন্ন দেশের নাগরিক আহত এবং একজন নিহত হয়েছেন। আহত বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে হামলার ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক মাধ্যমে প্রকাশ করা কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ।

এ কারণে প্রবাসীদের আইন মেনে চলা এবং সংবেদনশীল এলাকায় ছবি বা ভিডিও না তোলার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

এছাড়া, আহতদের চিকিৎসা সহায়তার পাশাপাশি কুয়েতে রক্তের সংকট দেখা দেওয়ায় প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।