মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: ট্রাম্প

মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ১৫:১৫

ইরানের হাতে কোনো মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়াতে আগ্রহী নয়। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত উত্তেজনা কিছু সময়ের জন্য সহ্য করার কৌশল নিচ্ছেন তিনি।

একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “ছোটখাটো সংঘাতে এই যুদ্ধবিরতি ভাঙবে না। তবে যদি ইরানের হাতে কোনো মার্কিন সেনা নিহত হয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ৪০ দিন ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে এরপরও দুই দেশের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে আগ্রহী নন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে এক শুনানিতে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গ করেনি এবং যেসব হামলা হয়েছে তা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।