ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আটকে দিল মার্কিন আদালত

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আটকে দিল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১১:২৫

এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ৩৯টি দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই নীতি বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।

শুক্রবার (৫ জুন) রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রোভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককনেল এ রায় দেন। একই সঙ্গে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস)-এর নেওয়া কয়েকটি নীতিও বাতিল ঘোষণা করেন তিনি।

বিচারক ম্যাককনেল বলেন, এসব নীতির কারণে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের অভিবাসীরা ‘অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার’ মধ্যে পড়েছেন।

রায়ে বলা হয়, কংগ্রেসের আইন ও ইউএসসিআইএসের নিয়ম মেনে আবেদন করা অভিবাসীদের কোনো যৌক্তিক কারণ ছাড়া মাসের পর মাস অপেক্ষায় রাখা হয়েছে।

বিচারক আরও বলেন, ইউএসসিআইএসের সিদ্ধান্ত গ্রহণে অভিবাসনবিরোধী মনোভাব প্রভাব ফেলেছে, যা সংস্থাটির পেশাদার দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে মার্চে আফগানিস্তান, ইরান, হাইতি, সোমালিয়া, ভেনেজুয়েলা ও সিরিয়াসহ ৩৯টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। পরে ইউএসসিআইএস এসব দেশের অভিবাসীদের নাগরিকত্ব, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডের আবেদনেও বিধিনিষেধ আরোপ করে।

এই নীতির বিরুদ্ধে মামলা করে অভিবাসন পরিষেবা সংস্থা ও শ্রমিক সংগঠনগুলোর একটি জোট। সেই মামলার রায়েই ট্রাম্প প্রশাসনের নীতিগুলো বাতিল করা হলো।