পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে বলা হয়েছে, শনিবার ভোরে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের ঘাঁটি’ লক্ষ্য করে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।
অন্যদিকে সেন্টকম জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর লক্ষ্য করে মোট সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
এর আগে হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করার দাবি করে যুক্তরাষ্ট্র। এরপর সম্ভাব্য হামলা ঠেকাতে গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় রাডার স্টেশনে হামলা চালায় সেন্টকম।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। পরে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
আরো পড়ুন: