জেলেনস্কিকে ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখার পরামর্শ পুতিনের

জেলেনস্কিকে ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখার পরামর্শ পুতিনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুন, ২০২৬ ১৩:০৫

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাঠানো খোলা চিঠির জবাবে কঠোর মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা ও শিষ্টাচার শেখার পরামর্শ দেন।

বৃহস্পতিবার (৪ জুন) জেলেনস্কির খোলা চিঠির পর শুক্রবার (৫ জুন) এ বিষয়ে প্রতিক্রিয়া জানান পুতিন।

রুশ বার্তা সংস্থা অ্যাস্ট্রার বরাতে ইউক্রেনিফর্ম জানায়, ক্রেমলিনপ্রধান দাবি করেন, জেলেনস্কির চিঠিতে অভদ্রতার উপাদান রয়েছে এবং তিনি তা গ্রহণযোগ্য মনে করেন না।

পুতিন বলেন, বিশ্বের অনেক রাজনৈতিক নেতা তার বয়সেও সফলভাবে দায়িত্ব পালন করছেন, তাই মূল বিষয় বয়স নয় বরং সক্ষমতা ও কাজ করার ক্ষমতা।

জানা গেছে, ওই খোলা চিঠিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি সাক্ষাতের আহ্বান জানান এবং চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনার প্রস্তাব দেন।

তবে পুতিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রয়োজন দেখছেন না তিনি। তার মতে, আগে সমঝোতার পথ খুঁজে বের করতে হবে, এরপরই বৈঠকের বিষয় আসতে পারে।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, “আমি বৈঠকের কোনো অর্থ দেখি না। প্রথমে সমাধানের পথ খুঁজতে হবে।”

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনা এখনো খোলা রয়েছে এবং আগের আমন্ত্রণ প্রত্যাহার করা হয়নি।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা নিয়ে নতুন করে তৎপরতা দেখা দিলেও দুই দেশের অবস্থান এখনো অনড় রয়েছে।