ইসরায়েলের সম্ভাব্য গুপ্তচরবৃত্তি মোকাবিলায় কাউন্টার ইন্টেলিজেন্স সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। শুক্রবার (৬ জুন) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের হুমকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ বা সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুইজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নজরদারি চালাতে পারে—এমন আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) একটি মূল্যায়ন নথিতে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার কয়েকটি নির্দিষ্ট ঘটনা উল্লেখ রয়েছে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়েছে।
তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। একইভাবে মার্কিন পেন্টাগন ও হোয়াইট হাউসের কিছু কর্মকর্তাও এ প্রতিবেদনের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ এমিলি হারডিং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ‘অত্যন্ত আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের নজরদারি তৎপরতা অত্যন্ত সক্রিয়।
আরো পড়ুন: