হিজবুল্লাহর হামলায় লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর হামলায় লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১০:২৪

লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (৬ জুন) রাতে আইডিএফ জানায়, লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তির পরও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

নিহতদের একজন ক্যাপ্টেন শাহার গামলা। ২৩ বছর বয়সী এই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে দায়িত্ব পালন করতেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার পৃথক ঘটনায় সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দুর্ঘটনাজনিত গোলাগুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিএফ।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আইডিএফ জানিয়েছে, গতকাল তারা লেবাননে হিজবুল্লাহর দেড় শতাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।