ভারতে ডাটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলার (প্রায় চার লাখ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশে জন্ম নেওয়া শিল্পপতি রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক।
এই বিনিয়োগের অংশ হিসেবে গত শুক্রবার (৫ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন রবিন খুদা। ২০৩০ সালের মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেন। ১৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি দেশটির অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলারের বেশি।
এয়ারট্রাঙ্ক জানিয়েছে, ভারতে পাঁচ গিগাওয়াট সক্ষমতার ডাটা সেন্টার গড়ে তোলা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের বাড়তে থাকা চাহিদা পূরণ করাই এই বিনিয়োগের অন্যতম লক্ষ্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এ ধরনের বিনিয়োগ ভারতের বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও প্রযুক্তিগত প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বিনিয়োগের বড় অংশ যাবে মহারাষ্ট্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানান, এয়ারট্রাঙ্ক সেখানে ৩ গিগাওয়াট ক্ষমতার ডাটা সেন্টার নির্মাণ করবে। এ জন্য মুম্বাইয়ের রায়গড়ে জমি কেনার চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন রবিন খুদা। বর্তমানে অস্ট্রেলিয়া ছাড়াও ভারত, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
আরো পড়ুন: