টলেডোর উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

টলেডোর উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ অন্তত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুন, ২০২৬ ১১:১৫

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি কমিউনিটি উৎসবের কাছে এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারীরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ জুন) টলেডোর ঐতিহাসিক ওল্ড ওয়েস্ট এন্ড এলাকায় আয়োজিত বার্ষিক উৎসব চলাকালে এ ঘটনা ঘটে।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো হেফারনন জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে অন্তত দুইজন বন্দুকধারী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, এতে উৎসবে আসা সাধারণ মানুষ হতাহত হন।

পুলিশ জানিয়েছে, উৎসবে লাইভ মিউজিক, খাবারের স্টল ও ঐতিহাসিক বাড়ি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির মধ্যেই হঠাৎ গুলির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত মানুষ দৌড়াদৌড়ি করছেন এবং জরুরি বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করছেন।

প্রত্যক্ষদর্শী কেভিন বেরি জানান, তিনি বন্ধুদের সঙ্গে উৎসবে ছিলেন। হঠাৎ কয়েকটি গুলির শব্দ শুনে সবাই মাটিতে শুয়ে পড়েন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি আহতদের সহায়তায় এগিয়ে যান।

এ ঘটনায় হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, গ্রীষ্মকালীন উৎসবগুলো মানুষের নিরাপদ বিনোদনের জায়গা হওয়া উচিত, সহিংসতার নয়।