গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগ সংক্রান্ত নতুন ডিজিটাল সেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা সরকারি ‘সাহেল’ অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইনে এসব সেবা গ্রহণ ও পরিচালনা করতে পারবেন।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কার্যক্রম ডিজিটাল করা, নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং বাসস্থান-সংক্রান্ত সেবা আরও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার ফলে সেবা নিতে আর সংশ্লিষ্ট অফিসে সরাসরি যেতে হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন, প্রক্রিয়াকরণ ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগের ক্ষেত্রে নতুন যোগ্যতার শর্তও নির্ধারণ করেছে কুয়েত সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, অবিবাহিত নারীরা সর্বোচ্চ একজন গৃহকর্মী রাখতে পারবেন। সন্তানসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা নারীরা একজন গৃহকর্মী এবং একজন গাড়িচালক নিয়োগ দিতে পারবেন।
অন্যদিকে, পরিবারসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা পুরুষ সর্বোচ্চ তিনজন গৃহকর্মী ও একজন গাড়িচালক রাখতে পারবেন। অবিবাহিত পুরুষদের জন্য শুধু একজন গাড়িচালক নিয়োগের সুযোগ রাখা হয়েছে।
কুয়েত সরকার বলছে, গৃহকর্মী ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা, সেবার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ডিজিটাল প্রশাসন শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরো পড়ুন: