ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে বলবেন ট্রাম্প

ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে বলবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১০:০৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল যেন পাল্টা আঘাত না হানে, তা নিশ্চিত করতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে বলবেন—ইরানে আর কোনো হামলা চালানোর প্রয়োজন নেই।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প বলেন, “আমি এখনই বিবিকে (নেতানিয়াহুর ডাক নাম) ফোন করে বলব, ইরানে যেন পাল্টা হামলা না চালানো হয়। তারা দু’পক্ষই নিজেদের মতো করে হামলা চালিয়েছে। আমাদের আর হামলার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, ইরানের হামলায় কেউ আহত হয়নি বলে তিনি আশা করছেন, ইসরায়েল প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে নেতানিয়াহু পাল্টা হামলা চালালে সংঘাত দীর্ঘায়িত হতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।

এর আগে রোববার মধ্যরাতে উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

শনিবার বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানে ৪ শিশুসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা যায়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। দেশটির কর্মকর্তারা এটিকে সতর্কবার্তা উল্লেখ করে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারিও দিয়েছেন।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন।