ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ দুটি সীমান্ত ক্রসিং কেরেম শালম ও রাফা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
গাজা উপত্যকার কার্যক্রম তদারককারী ইসরায়েলি সংস্থা দ্য কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) রোববার মধ্যরাতের পর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার স্বার্থে জরুরি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেরেম শালম ও রাফা ক্রসিং বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ক্রসিং বন্ধ থাকবে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এরপর দীর্ঘ সময় ধরে গাজার সীমান্ত কার্যক্রম ব্যাহত হয়। এতে খাদ্য, ওষুধসহ জরুরি পণ্যের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়।
এর মধ্যে রোববার মধ্যরাতে উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
এর আগে শনিবার বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানে ৪ শিশুসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
আরো পড়ুন: