উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় হামলা চালানো হয়।
ধারণা করা হচ্ছে, আগের রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল।
এর আগে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। রাতে ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন।
ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান। পরে তিনি জানান, আপাতত হামলা বন্ধ রাখতে ইসরায়েলকে অনুরোধ করেছেন।
তবে কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে হামলার খবর সামনে আসে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছিল, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরায়েল আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা।
আরো পড়ুন: