ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সৌদি আরবে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী রিয়াদের কাছাকাছি আল-খার্জ এলাকায় স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
আল-খার্জ এলাকায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটি অবস্থিত, যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য হামলার হুমকি থাকায় বাসিন্দাদের বাড়িঘর বা অন্য কোনো নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ইসরায়েল ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালায়। এর আগে রোববার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানের হামলার পর দেশটির রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তেহরানের পাশাপাশি তাবরিজ ও ইস্ফাহানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিল ইরান। তেহরান অভিযোগ করে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
দীর্ঘ সময় উত্তেজনার পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে নতুন করে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওই যুদ্ধবিরতি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
আরো পড়ুন: